
নাজমুল হোসেন: “কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কৃষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রামগতি উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
২০২৫–২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় তৃতীয় ব্যাচের কৃষকদের নিয়ে দিনব্যাপী কৃষক (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপপরিচালক জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ সাইফুল ইসলাম।
রামগতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক জহির বলেন, নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ও গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP) অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকরা নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি বাজারে তাদের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে পারবেন।
তিনি আরও বলেন, সরকার কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং কৃষিকে আরও লাভজনক করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। GAP পদ্ধতি অনুসরণ করলে কৃষিপণ্যের গুণগত মান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দেশি ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগও বাড়বে।
প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন পদ্ধতি, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার, ফসলের গুণগত মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের সচেতনতা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
