চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথবাহিনির অভিযানে লক্ষ্মীপুরে এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার বালাশপুর–বিরাইমপুর এলাকায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও যৌথবাহিনির সমন্বিত অভিযানে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে যৌথ অভিযানটি পরিচালনা করা হয়। 

অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

পুলিশ ও যৌথবাহিনির সদস্যরা জানান, অভিযানে ২০৭টি ইয়াবা ট্যাবলেট, প্রায় ৭০০ গ্রাম গাঁজা, গাঁজা পরিমাপের মেশিন, ইলেকট্রিক শট মেশিন, অ্যান্ড্রয়েড ফোন পাঁচটি, বাটন ফোন একটি, ১০টি বাজি, ফুয়েল পেপারের এক রোল এবং ৬ হাজার ২৯০ টাকা নগদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক সেবনের কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, আটক ব্যক্তির নাম হাফিজ (৩৭)। তিনি লক্ষ্মীপুর সদরের বালাশপুর এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষিকাজে যুক্ত। তাঁর বিরুদ্ধে পূর্বে দুটি মামলার তথ্য পাওয়া গেছে, যেগুলোতে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, “নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জিনিসপত্রসহ তাঁকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।”

এলাকাবাসীর কেউ এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়রা জানায়, এলাকায় মাঝে মাঝে মাদক–সংক্রান্ত কার্যক্রমের খবর পাওয়া যায় কিন্তু বেশির ভাগ সময় তা প্রকাশ্যে আসে না।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।