রংপুর–৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আশরাফুল আলমের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

আল আমিন : রংপুর প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–৩ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আশরাফুল আলম ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার কেরামতিয়া মসজিদের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগ রংপুর কোর্ট চত্বরসহ শহরের বিভিন্ন মোড়, বাজার ও জনবহুল এলাকায় বিস্তৃত হয়।

গণসংযোগে তিনি পথচারী, দোকানি ও সাধারণ ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগ চলাকালে আশরাফুল আলম বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। মানুষের অধিকার আদায়ে কাজ করতেই নির্বাচনে এসেছি। রংপুর–৩ আসন দীর্ঘদিন অবহেলিত ছিল। পরিবর্তনের মাধ্যমে এই অঞ্চলকে আমরা উন্নত ও সমৃদ্ধ রংপুর হিসেবে গড়ে তুলতে চাই। সবাইকে অনুরোধ, ট্রাক মার্কায় ভোট দিন—পরিবর্তনের পথে এগিয়ে চলুন।”

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও তরুণ সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।