কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে মিল্লাত একাডেমীর শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

কবির হোসেন রাকিব | কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন মিল্লাত একাডেমীর শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বনির্ধারিত স্থান থেকে তাদের পরীক্ষা কেন্দ্র তোরাবগঞ্জ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এতে দূরত্ব বেড়ে যাওয়ায় যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে। অনেক শিক্ষার্থী নিরাপত্তাহীনতার পাশাপাশি বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কেন্দ্র পরিবর্তনের কারণে স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত পরীক্ষা কেন্দ্র পূর্বের স্থানে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তারা বলেন, দাবি মানা না হলে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে—এমন আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেন।