বিচারপ্রক্রিয়া দ্রুত করতে বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

বরিশাল প্রতিনিধি : বরিশালে বিচারপ্রক্রিয়া আরও কার্যকর ও দ্রুত করতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সভায় আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিত করা, তদন্তের জটিলতা দূর করা, বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে হাজির এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার দুপুরে বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে সিজেএম আদালত ভবনের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ।

সভায় সর্বশেষ সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি পেন্ডিং প্রসেস জারির ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত ও তা দূরীকরণ নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের যাতায়াতকালীন নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে ছোটখাটো জটিলতা নিরসন এবং কারাগার থেকে বিচারাধীন আসামিদের সময়মতো আদালতে হাজির করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

কনফারেন্সে আদালত অঙ্গন, বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা, মালখানা থেকে সময়মতো আলামত উপস্থাপন এবং সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণ এবং আদালত চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) এস এম মাহফুজ আলম, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজ রহমান ও মো. ফজলুর রহমান, সিভিল জজ (বাকেরগঞ্জ) সাব্বির মো. খালিদসহ বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা।

এ ছাড়া বরিশাল সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, র‌্যাব-৮, দুদক, সিআইডি, নৌ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক। কনফারেন্সে বরিশাল জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিজেএম আদালতের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।