আলোকিত মানুষের প্রত্যাশায় লাইব্রেরি উদ্বোধন, সেবা উন্নয়নে জোর দিলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, “যেকোনো প্রতিষ্ঠান থেকে আমরা উপযুক্ত সেবা চাই। আর সেজন্য কর্মপরিবেশ উন্নত হওয়া জরুরি। সদর পৌরসভা ইতিমধ্যেই সেই শর্ত পূরণ করেছে।”

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর পৌরসভা কার্যালয়ে সেবাগ্রহীতাদের জন্য আধুনিক পাবলিক লাইব্রেরি আলোকিত মানুষের প্রত্যাশায় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক রাজীব কুমার আরও বলেন, “সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীরা দেশপ্রেমিক ও উন্নত মানসিকতার অধিকারী হয়ে নাগরিকদের যথাসময়ে সেবা দেবেন এ প্রত্যাশা করি। লাইব্রেরির মাধ্যমে সেবাগ্রহীতাদের মন সমৃদ্ধ হবে, তারা আনন্দ ও জ্ঞানের খোরাক পাবেন এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবেন।”

নতুন এ লাইব্রেরিতে পাঠকদের জন্য তৈরি করা হয়েছে ৩টি কর্নার। একেকটিতে থাকছে গল্প, উপন্যাস ও কবিতা, বিজ্ঞান, দর্শন ও আত্মউন্নয়নমূলক বই, এবং ধর্ম সম্পর্কিত গ্রন্থ। একই সময়ে ১৮ জন পাঠক এখানে বসে বই পড়তে পারবেন।

উদ্বোধন উপলক্ষে পৌরসভা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ সময় কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ কয়েকজন পৌরকর্মীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পাশাপাশি আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল ও বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে বই উপহার দেওয়া হয়।

পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহিন, সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সাবেক অধ্যক্ষ জেড এম ফারুকী, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী।

পৌর প্রশাসক জসিম উদ্দিন জানান, “অফিস চলাকালীন সময় লাইব্রেরি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞান, দর্শন, আত্মউন্নয়ন, ধর্ম, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের বই পাওয়া যাবে এখানে। পাঠকরা চাইলে কার্পেট বিছানো মেঝেতে বসেও বই পড়তে পারবেন।”