
পিরোজপুর সদর: পিরোজপুর সদর উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ইবি প্রধান এইচ এম ইলিয়াছ, উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক নির্মল কুমার বেপারী।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম রানা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, “শীতের শুরুতেই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, পিরোজপুর আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্ন আয়ের বহু মানুষ শীতবস্ত্র পেয়ে উপকৃত হন।
