শেরপুর-৩ আসনে বিএনপির রুবেলের বিপুল ভোটে জয়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পান ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মিজানুর রহমান ‘কাঁচি’ প্রতীক নিয়ে পান ৪৮০ ভোট।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন। বৈধ ভোট ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি এবং বাতিল ভোট ২ হাজার ৮৬টি। ভোটের হার দাঁড়ায় ৫২.১৯ শতাংশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে দিনব্যাপী ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে বিজয়ের পর এটি নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন মাহমুদুল হক রুবেল। তার রাজনৈতিক জীবনে এর আগে ১৯৯৪ সালে পারিবারিক শূন্য আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি পুনরায় বিজয়ী হন।