জলবায়ু ঝুঁকি মোকাবিলা: সাতক্ষীরায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরায় প্রতিনিয়ত বাড়ছে জীবন ও জীবিকার সংকট। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের বিপরীতে স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন কৌশল ও ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে গণমাধ্যমকে আরও সক্রিয় ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও উন্নয়নকর্মীরা।

রবিবার সকালে সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’-এর কার্যালয়ে ‘জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন হেড নির্বাহী কমিটির সদস্য ও দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত উপকূলের সাধারণ মানুষই সবচেয়ে বেশি বহন করছে। তাদের সংগ্রাম এবং অধিকার আদায়ের বিষয়গুলোকে তথ্যনির্ভর ও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সংবাদে তুলে ধরতে হবে। এ ধরনের সংবাদ পরিবেশন জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

মূল আলোচক হেড-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন বলেন, সাতক্ষীরার মানুষ প্রতিনিয়ত নতুন নতুন সংকটের মুখোমুখি হচ্ছে। তবে স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী অভিযোজন পদ্ধতি ও অভিজ্ঞতাগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি পরিচিত করে তুলতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকে সেতুবন্ধন হিসেবে কাজ করতে হবে।

চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, জলবায়ু পরিবর্তন এখন কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি একটি বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক সংকটে রূপ নিয়েছে। তাই সংবাদে নারী, শিশু ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবনসংগ্রামের অভিজ্ঞতাকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বৈঠকে কান্ট্রি নিউজের প্রতিনিধি শহীদুল ইসলাম নিরাপদ পানির সংকট, কৃষিজমিতে লবণাক্ততার বিস্তার ও অভ্যন্তরীণ অভিবাসন ইস্যুগুলোকে নিয়মিত প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। উন্নয়নকর্মী ফারুক রহমান স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও চাহিদাকে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণে গণমাধ্যমের সচেতনতামূলক ভূমিকার কথা তুলে ধরেন।

নাগরিক টিভির প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী জলবায়ু বিষয়ক সাংবাদিকতা আরও কার্যকর করতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণাভিত্তিক তথ্যের সহজলভ্যতা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন।

বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসাইন। এ সময় আরও অংশগ্রহণ করেন সাংবাদিক আসাদুজ্জামান মধু, মিলন রুদ্র, জাকির হোসেন, চন্দন চৌধুরী, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, সরদার আবু সাঈদ, আলতাফ হোসেন বাবুসহ আরও অনেকে। এছাড়া হেড-এর কর্মসূচি সমন্বয়ক রেহানা পারভীন, ঋশিল্পীর ইশরাত জাহান এবং স্বাস্থ্য বিভাগের তরু রিতা গাইন উপস্থিত ছিলেন।

অংশগ্রহণকারী সাংবাদিকরা জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জনমুখী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।