
ময়মনসিংহ প্রতিনিধি : বৈষম্যমুক্ত সমাজ জনগণের সবচেয়ে বড় চাওয়া। ময়মনসিংহে বিভাগীয় জেলা তথ্য অফিস আয়োজিত বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহণে ‘জনগণের কথা’ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের সম্মেলন কক্ষে গত সোমবার তথ্য অফিসের পরিচালক মীর আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, লেখক, চাকুরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীরা আরো বলেন, আজ দেশের তরুণরা বৈষম্যহীন সমাজ গড়ার পথে আগুয়ান। বিভেদ ভুলে জনগণ তাদের এ যাত্রায় অংশ নিলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।
অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার বলেন, সবাই যদি সবাইকে সম্মানের চোখে দেখে তাহলে সামাজিক বৈষম্য থেকে মুক্তির পথ প্রশস্ত হয়। পাশাপাশি তিনি তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ, কল্যাণকর কাজে ব্রতী হওয়া ও মানবিক বোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের পক্ষে অংশগ্রহণকারীদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন।
বৈষম্যহীন ও তারুণ্যনির্ভর সঙ্গীতে কন্ঠ মেলালো শিক্ষার্থীরা
এ দিন বিকেলে ময়মনসিংহ তথ্য অফিস আয়োজিত সংগীতানুষ্ঠানে ‘অরুণপ্রাতের তরুণ দল, চল রে চল রে চল’, ‘চেষ্টার থাকবে না শেষ, বৈষম্যহীন বাংলাদেশ’সহ মনছোঁয়া সব গান উপভোগ করে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের কয়েক শত শিক্ষার্থী। সংগীতপ্রিয় শিক্ষার্থীদের অনেকেই শিল্পীদের সাথে কন্ঠ মিলিয়ে গানে অংশ নেয়।
শিল্পীদলের নেতা দৃষ্টি প্রতিবন্ধকতায় আক্রান্ত শিল্পী মুহম্মদ ইসলাম অনুষ্ঠান শেষে আবেগাপ্লুত কন্ঠে বলেন, বৈষম্যহীন ও তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে সঙ্গীত পরিবেশন করতে পেরে তিনি ও তাঁর দল নিজেদের ধন্য মনে করছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আবারো এমন অনুষ্ঠান আয়োজনের জন্য তথ্য অফিসের প্রতি অনুরোধ জানায়।
