লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন, খাদ্য সহায়তার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলা-এ সরকারি জেলে সহায়তার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা।

সোমবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন এলাকার প্রায় অর্ধশতাধিক জেলে পরিবার এ কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী জেলেরা অভিযোগ করেন, নিবন্ধিত ও কার্ডধারী হওয়া সত্ত্বেও সরকারি সহায়তার তালিকায় নাম থাকার পরও পরবর্তীতে তা কেটে দেওয়া হয়েছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে জানতে চাইলে মৎস্য অফিসের কর্মকর্তারা স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগমের সঙ্গে সমন্বয় করতে বলেন।

মানববন্ধনে তারা আরও অভিযোগ করেন, তালিকা নিয়ে কথা বলতে গেলে মৎস্য অফিসেই তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় দ্বন্দ্বের কারণে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন।

সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের অভয়াশ্রমে জাটকা নিধন রোধে বিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন পাইলট প্রকল্পে প্রতিজন জেলেকে ১৮ কেজি আটা, ১৮ কেজি আলু, ৮ কেজি ডাল ও ১০ কেজি তেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সদর উপজেলায় প্রায় এক হাজার জেলের তালিকা প্রস্তুত করা হয়েছে।

তবে চর রমনী মোহন ইউনিয়নের তালিকা নিয়ে জটিলতা তৈরি হয় বলে জানা যায়। স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগম তালিকা নিয়ে আপত্তি তোলেন এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ নিয়ে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিযুক্ত ইউপি সদস্য নয়ন বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, তালিকা প্রণয়নে অনিয়ম হয়েছে এবং একই পরিবারের একাধিক নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, মৎস্য অফিসের কর্মকর্তাদের অনিয়মের কারণেই পরিস্থিতি তৈরি হয়েছে।

এ ঘটনায় জেলেদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত জেলেদের সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।