শারজাহে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : সংযুক্ত আরব আমিরাতের শারজাহ-তে মো. হেলাল (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। কর্মস্থলের টয়লেট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিহতের স্বজনরা এ অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

নিহত হেলাল কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আলমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল শারজাহ শহরের ১০ নম্বর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তার কর্মস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, হেলালকে হত্যার পর তার মরদেহ টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। এক সহকর্মীর মাধ্যমে তারা মৃত্যুর খবর পান, তবে ঘটনার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালের নভেম্বর মাসে জীবিকার সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান হেলাল। সেখানে ‘নুর আল কামাল পেইন্ট কনট্রাকটিং’ নামের একটি প্রতিষ্ঠানে পেইন্টার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তার ভাই ফয়সালও একই প্রতিষ্ঠানে কাজ করতেন, তবে নানা সমস্যার কারণে তিনি দেশে ফিরে আসেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হেলালের স্বজনরা। নিহতের বাবা নুর আলম বলেন, ‘আমার ছেলে আত্মহত্যা করার মতো নয়। তাকে হত্যা করা হয়েছে। আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে আমিরাত সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। পাশাপাশি দ্রুত যেন আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহায়তা চাই।’

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।