রায়পুরে কিশোর অটোরিকশাচালক হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার সঙ্গে ছিল পোষা বানর

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ২ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোরিকশাচালক মো. রাজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি পোষা বানরও জব্দ করা হয়।

সোমবার (৪ মে) রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গিয়াস উদ্দিন রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গত শুক্রবার রাতে রাজিবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় শনিবার (৩ মে) রাতে নিহতের বাবা মো. মোস্তফা বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন হত্যার কথা স্বীকার করেছেন। তিনি অটোরিকশাটি ভাড়া নিয়ে নির্জন স্থানে গিয়ে মাদক সেবনের সময় সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে রাজিবকে আঘাত করে হত্যা করা হয়। পরদিন শনিবার দুপুরে চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে রাজিবের লাশ উদ্ধার করে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, হত্যার পর গিয়াস উদ্দিন অটোরিকশাটি হায়দারগঞ্জ বাজারে বিক্রির চেষ্টা করেন। বিক্রি করতে না পেরে সেটি পাশের একটি বাড়িতে রেখে তিনি পালিয়ে যান।

ওসি আরও বলেন, “গিয়াস উদ্দিনের একটি পোষা বানর ছিল। ‘রাজ’ নামের ওই বানরটিকে সঙ্গে নিয়েই তিনি পালিয়ে যান। পরে তাঁকে বানরসহ গ্রেপ্তার করা হয়।” বানরটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বানরটিকে থানায় আনা হলে সেটি দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। একপর্যায়ে বানরটি থানার ভেতরে ছোটাছুটি করলে পুলিশ সদস্যদের সেটি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।