
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। তাঁর এ সফরকে ঘিরে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। সফরকালে তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। পাশাপাশি একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।
শনিবার (২ মে) সকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় একটি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে এ খালের খননকাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সম্ভাব্য জনসভাস্থলসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর অডিটোরিয়ামসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন।
এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এর আগে শুক্রবার ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
