হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ২ মাদক কারবারি আটক, ১ কেজি গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন :
নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের তথ্য অনুযায়ী, রবিবার মধ্যরাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া থানাধীন বুড়িরচর রাজারহাট বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশ ও কোস্ট গার্ডের টিম এলাকায় তল্লাশি চালিয়ে দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন মোঃ ফরহাদ (২৩), গ্রামের ঠিকানা রেহানিয়া ০৪ নং ওয়ার্ড, পোস্টঃ বুড়িরচর, থানাঃ হাতিয়া, জেলাঃ নোয়াখালী এবং মোঃ আজিজ (২০), গ্রামের ঠিকানা সূর্যমুখী, ওয়ার্ড নং: ০৯, ইউনিয়ন: বুড়িরচর, পোস্ট: বুড়িরচর, থানাঃ হাতিয়া।

জব্দকৃত গাঁজা ও আসামীরা পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম জানিয়েছেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য ভবিষ্যতেও আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখব।”

স্থানীয়রা জানান, হাতিয়ায় মাদক সমস্যার কারণে এলাকার যুবসমাজের মাঝে উদ্বেগ বিরাজ করছে। কোস্ট গার্ড ও পুলিশের এই যৌথ অভিযান স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশ্বাস সৃষ্টি করেছে।