সুবর্ণচরে আগুনে চার দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকার দাবি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী (সুবর্ণচর) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। আজ সোমবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের পাংখার বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে সোহেল নামের এক ব্যবসায়ীর দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং চারটি দোকান গ্রাস করে ফেলে।

খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

আগুনে রাকিবের ‘সুবর্ণ ট্রেডার্স’ (মসলার দোকান), সোহেলের ‘রাকিব স্টোর অ্যান্ড কসমেটিকস’, আলাউদ্দিনের ‘জান্নাত স্টোর অ্যান্ড ফার্নিচার’ এবং আবু কালামের ‘দিদার হোটেল’ সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দোকানে থাকা মালামালসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের নির্দেশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু ঘটনাস্থলে যান।

এ সময় সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্যাহ মিয়া এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মামুন হাসান রোহানসহ অন্যরা উপস্থিত ছিলেন।