সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

সাতক্ষীরা প্রতিনিধি : মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশ নেন।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৮টায় শহরের তুফান কোম্পানির মোড় থেকে র‌্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আব্দুল গফফারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সুজায়েত আলী বলেন, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা ঘাম ঝরালেও ন্যায্য অধিকার নিশ্চিত হয় না। শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, কোনো শ্রমিক যেন কর্মক্ষেত্রে হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।

তিনি ইজিবাইক ও ভ্যানচালকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজি ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা সুন্দরবন টেক্সটাইল মিল পুনরায় চালুর মাধ্যমে সাতক্ষীরায় নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, পৌর শাখার সভাপতি মেহবুল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ এবং শ্রমিক নেতা ব্যাংকার ফিরোজ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

র‌্যালি ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।