
সিরাজুল ইসলাম : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বনবিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে জব্দ করা ৫০ বস্তা ঝিনুক চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে। এসব ঝিনুকের পরিমাণ আনুমানিক ২ হাজার ২৫০ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সামনে চুনা নদীতে এসব ঝিনুক অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক মশিউর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান, মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদসহ বনবিভাগ ও পুলিশের সদস্যরা।
বনবিভাগ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শ্যামনগর উপজেলার নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজারে প্রেরণের উদ্দেশ্যে ঝিনুকগুলো বুকিং করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে আহরণ নিষিদ্ধ এসব ঝিনুক ও শামুক জব্দ করা হয়।
বনবিভাগ ও পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে এসব ঝিনুক অবৈধভাবে সংগ্রহ ও পরিবহনের পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সুন্দরবন ও উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
