মা ইলিশ সংরক্ষণ অভিযান: চাঁদপুরে ৯ দিনে ১ কোটি ৩ লাখ মিটার জাল জব্দ, গ্রেপ্তার ৩৫

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল টানা ৯ দিনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, ইলিশ মাছ, নৌকা এবং জেলেকে আটক করেছে।

১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত অভিযানে মোট ১ কোটি ৩ লাখ ১৫ হাজার ১৭০ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫২৪ কেজি মা ইলিশ মাছ জব্দ ও ১৫টি নৌকা আটক করা হয়েছে। অভিযানে ৩৫ জন জেলেকে গ্রেপ্তার করে ১২টি মামলা দায়ের করা হয়, যা সবই মৎস্য আইনে রুজু করা হয়েছে।

জেলার ভিত্তিতে মামলা ও গ্রেপ্তারের পরিসংখ্যানে দেখা গেছে, চাঁদপুর জেলায় ৮টি মামলা ও ২৯ জন আসামি এবং শরীয়তপুর জেলায় ৪টি মামলা ও ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জানান, মা ইলিশ রক্ষায় এই অভিযান আরও জোরদার করা হবে। নদীতে অভিযান অব্যাহত আছে এবং ইলিশের প্রজনন মৌসুমে কোনো ছাড় দেওয়া হবে না।