
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মেঘনা নদী থেকে মা ইলিশ রক্ষা করতে বিসিজি স্টেশন লক্ষ্মীপুর কর্তৃক পরিচালিত অভিযানটি আজ বৃহস্পতিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে বিসিজি স্টেশন লক্ষ্মীপুরের সিসি, টি এম শফি মাহামুদ, পিও এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে প্রায় ৪,৫০,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১৫০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। আনুমানিক মূল্য হিসেবে জব্দকৃত জালের মূল্য প্রায় ১৫৭,৫০,০০০ টাকা এবং মাছগুলোর মূল্য প্রায় ১,১২,৫০০ টাকা। অভিযানে প্রাপ্ত কারেন্ট জালগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া, জব্দকৃত মা ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানা এবং গরিব-দুঃখী মানুষদের মধ্যে বিতরণ করা হয়। বিসিজি স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, মা ইলিশ রক্ষা অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যতে মেঘনা নদীতে মাছের প্রজনন বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে সিসি শফি মাহামুদ সাংবাদিকদের বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫-এর আওতায় আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরা রোধ করতে এবং ইলিশের প্রজনন বাড়াতে আমাদের এই অভিযান চলমান থাকবে। এছাড়াও, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “স্থানীয় মৎস্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে এবং সাধারণ মানুষের সহযোগিতায় এই অভিযান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে মা ইলিশের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং মাছ শিকারিদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে।”
বিসিজি স্টেশন লক্ষ্মীপুর জানিয়েছে, আগামী দিনে মেঘনা নদীসহ জেলার বিভিন্ন নদী এবং জলাশয়ে এই ধরনের অভিযান আরও জোরালোভাবে পরিচালিত হবে। এছাড়া, মা ইলিশ সংরক্ষণে স্থানীয় জনগণের আরও অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমও চালানো হবে।
