লক্ষ্মীপুরে বাজার রোডে অবৈধ দখল উচ্ছেদ, ১১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর শহরের বাজার রোডে ফুটপাত ও সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার দায়ে ১১ জন ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে বাজার রোডের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও জান্নাতুল ছিদ্দিকা রহমান।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে বসানো বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকানপাটের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল বলে জানায় জেলা প্রশাসন।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং লক্ষ্মীপুর পৌরসভার প্রতিনিধিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ফুটপাত দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার জন্যও সতর্ক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজার রোডে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।