লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে অভিযান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা

 

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেওয়ার পর একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়।

তল্লাশির সময় একটি একনলা দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন: নোয়াখালীর চাটখিল থানা এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফ (৩৬) এবং রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে ফাহিম (২১)।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র বেলাল হোসেনের নামে ১১টি ডাকাতির মামলা রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আশা করছে, গ্রেফতারদের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।