লক্ষ্মীপুরে টপসয়েল কাটার দায়ে জরিমানা, গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় ফসলি জমির টপসয়েল কর্তন ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুজনকে জরিমানা করেছেন প্রশাসন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার জকসিন–ভবানীগঞ্জ সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আনোয়ার হোসেন (নজির আহমেদের ছেলে) ও সূজন (খোরশেদ আলমের ছেলে) নামে দুজনকে মাটি বহনকারী গাড়িসহ আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানা আদায়ের পর মুচলেকা নিয়ে চালকসহ গাড়িগুলো মালিকের জিম্মায় দেওয়া হয়। এ ছাড়া মান্দারি ও বাঙ্গাখাঁ ইউনিয়ন এলাকা থেকে ভেকু বহনকারী একটি রোবট গাড়ি আটক করে ইউনিয়ন পরিষদ প্রশাসকের জিম্মায় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।