
ওমর ফারুক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫–২৬ অর্থবছরে কৃষি পূর্ণবাসন সহায়তার অংশ হিসেবে এই উপকরণ দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান কাউসার। তিনি কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম। উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু, কৃষি সম্প্রসারণ অফিসার অর্নব ভৌমিক, সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ–সহকারী কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার কৃষকেরা যেন সময়মতো বীজতলা প্রস্তুত করতে পারেন, সে জন্যই আগাম বীজ ও সার বিতরণ করা হয়েছে।
তিনি জানান, প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। বীজ হিসেবে ব্রি ধান–৪৮, ব্রি ধান–৮২, ব্রি ধান–৮৫ ও ব্রি ধান–৯৮ জাতের উন্নতমানের উফশী বীজ সরবরাহ করা হয়েছে।
কৃষি বিভাগ আশা করছে, এই উচ্চফলনশীল বীজ ও সার আগাম আউশ মৌসুমে উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
