লক্ষ্মীপুরের কমলনগরে টিসিবির ৪১ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে একটি দোকানঘর থেকে টিসিবির ৫০ কেজি ওজনের ৪১ বস্তা চাল জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচিত্র রঞ্জন দাশ উপজেলার করইতলা বাজারের ব্যবসায়ী শাহ আলমের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়। এ সময় দোকানটিও সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলার চরলরেন্স ইউনিয়নের ২৯‘শ টিসিবির কার্ডধারী ব্যক্তির মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি তৈল বিতরণের দায়িত্ব পান দেশ ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। রবিবার বরাদ্দকৃত মালগুলো এনে করইতলা বাজারের ভাড়া করা একটি দোকানে মজুদ রাখেন। পরের দিন সোমবার সকালে কয়েকঘন্টা বিতরণ শেষে বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। এসময় কার্ডধারী লোকজন এগিয়ে আসলে সব মালামাল বিতরণ হয়ে গেছে বলে জানান ঠিকাদার।

স্থানীয়রা জানায়, চালগুলো সুফলভোগীদের মাঝে বিতরণ না করে দোকানে অবৈধভাবে মজুদ করে রেখেছেন ঠিকাদার। পরে চালগুলো কৌশলে বস্তা পাল্টিয়ে বেশি দামে খোলা বাজারে বিক্রি করে দিতেন।

ঠিকাধারী প্রতিষ্ঠান দেশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কামাল হোসেন জানান, পণ্যগুলো বিতরণের সময় সারাদিন বৃষ্টি থাকার কারণে লোকজন আসতে না পারায় চালগুলো রয়ে গেছে। ইচ্ছে করে মজুদ রাখেননি তিনি।

চালগুলো আটক করার বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূচিত্র রঞ্জন দাশ জানান, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির সদস্যরা চালগুলো সুলভমুল্যে খোলা বাজারে বিক্রি করে সমুদয় টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা বলা হয়েছে। ঠিকাদারের লাইসেন্স বাতিলে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।