
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে ‘জিনিয়াস হান্টিং সিজন-৩’ প্রোগ্রামের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ১৪ জন এবং জেনারেল গ্রেডে ২৫ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
শনিবার (১ আগস্ট) সকালে দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ‘বিং এডুকেটেড’-এর ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় এসব বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।
বিং এডুকেটেডের কো-অর্ডিনেটর হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ হোসাইন, ব্যবসায়ী বাহার পাটোয়ারী এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিং এডুকেটেডের এ ধরনের শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
