লক্ষ্মীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলা-এ গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

শনিবার বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে তারা সংবিধান সংস্কারের মাধ্যমে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শুরুর আগে বিকেল ৫টা থেকেই জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

বক্তারা অভিযোগ করেন, জনগণের রায়ের প্রতি অবজ্ঞা করা হচ্ছে এবং গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে। তারা বলেন, জনগণের ভোটে সরকার গঠন বৈধ হলে জনগণের ভোটে সংস্কারও সমানভাবে বৈধ। এই বিষয়ে দ্বিচারিতা জনগণ মেনে নেবে না।

তারা আরও বলেন, জনগণের স্বার্থ উপেক্ষা করা হলে রাজপথ ও সংসদ—দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ এবং শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।