
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : এলপিজি গ্যাসের দাম নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসন।
অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জানা গেছে, এম এন ট্রেড ইন্টারন্যাশনালকে ২০ হাজার টাকা, রৌশন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মধুবন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল লক্ষ্মীপুর জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
