
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগামীতে বিএনপি ক্ষমতায় এলে বেকার ভাতা চালু ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাঁর দাবি, “দেশে কোনো বেকার মানুষ থাকবে না।”
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।
এ্যানি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালখনন কর্মসূচির মাধ্যমে তৃণমূল মানুষের নেতা হয়ে উঠেছিলেন। সেজন্যই বিএনপি গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত।
তিনি আরও দাবি করেন, জিয়াউর রহমান সাড়ে তিন বছরে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সৃষ্টি করেছিলেন যা পরে সংকুচিত হয়; পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে সেই বাজার পুনরুদ্ধার করা হয়।
খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, “তিনি একদিনে আপসহীন হননি। জীবনের নানা নির্যাতন ও কারাবরণ তাঁর জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, কিন্তু তাঁর মনোবলই আমাদের আন্দোলনের শক্তি।”
এ্যানির ভাষায়, খালেদা জিয়া বেঁচে থাকা মানেই দেশের গণতন্ত্র টিকে থাকা। তাই দলকে শক্তিশালী করতে এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গেও তিনি বলেন, এখন ঘরে বসেই নারীদের আয়ের সুযোগ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার আরও নিশ্চিত করা হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
