
রায়পুর (লক্ষ্মীপুর) | নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে এই অভিযান পরিচালনা করেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে অনিয়মের দায়ে ‘দীপ্ত মেডিকেল হল’ ও ‘রিয়াদ ফার্মেসি’কে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ও ৪০(গ) ধারায় যথাক্রমে ২০ হাজার টাকা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে ‘দীপ্ত মেডিকেল হল’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র নিয়ে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, জনস্বার্থ ও মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।
