লক্ষ্মীপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সরকারি খাসজমি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। কয়েক দফা নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় শনিবার বিকেলে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল রামগতির বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে আসছিল। এতে সরকারি প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হচ্ছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসন থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা তা অমান্য করে স্থাপনাগুলো বহাল রাখেন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এসময় সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীসহ পুলিশের একটি দল। অভিযানে বেশ কিছু স্থায়ী ও অস্থায়ী স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। দখলদারদের বারবার সময় দেওয়ার পরও তারা জায়গা খালি করেনি। জনস্বার্থ রক্ষায় এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সরকারি জায়গা দখলকারী যেই হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তারা বলেন, সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকার পরিবেশ উন্নত হবে এবং ভবিষ্যতে সরকারি প্রকল্প বাস্তবায়নে সুবিধা হবে।