রামগতিতে শিশুকে ধর্ষণের অভিযোগ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের অধিনায়ক মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে রামগতি উপজেলার চর আলী হাসান হোসেন গ্রামের একটি বাড়িতে খেলা করার সময় শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে অসুস্থ অবস্থায় শিশুটি ঘর থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের বিরুদ্ধে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর অভিযুক্ত এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।