ফেনী–২ আসনে ব্যস্ত সময় পার করছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

ফেনী প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী–২ (সদর) আসনে ব্যস্ত সময় পার করছেন সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। নতুন বছরের প্রথম দিন থেকেই নিজ নির্বাচনী এলাকায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রওনা হয়ে দুপুরে ফেনীতে পৌঁছান মজিবুর রহমান মঞ্জু। বেলা দেড়টার দিকে তিনি জেলা পুলিশ সুপারের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এরপর বিকেলে দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক কর্মশালায় অংশ নেন।

সন্ধ্যায় তিনি এনসিপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত চা-চক্রে অংশ নেন। রাত আটটার দিকে ফেনীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন সাংবাদিক ফোরামের সঙ্গে নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক জোট প্রসঙ্গে মতবিনিময় করেন। পরে রাতে নিজ বাড়িতে নিরাপদ সড়ক চাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের সঙ্গে জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও আগামীর রাজনীতি নিয়ে আলোচনা করেন।

শুক্রবার সকালে ধলিয়া ইউনিয়নে ‘শিকড়ের সন্ধানে’ নামের একটি মানবিক সংগঠনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন এবি পার্টির চেয়ারম্যান। সেখানে তিনি রোগী, চিকিৎসক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বেলা ১১টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুলাই শহীদ শিহাবের কবর জিয়ারত করেন। পরে ফেনী বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং ফেনী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

বিকেলে ফাজিলপুরে জুলাই শহীদ সাইদুল ইসলাম শাহির কবর জিয়ারত করে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তিনি। সন্ধ্যার পর ফাজিলপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মজিবুর রহমান মঞ্জু।

এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি ফেনী জেলা টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সঙ্গেও মতবিনিময় করেন।