বিশ্ব গ্রন্থ দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। পাঠাভ্যাস গড়ে তোলা এবং বইপড়ার গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে গুলিস্তানে অবস্থিত জাতীয় গ্রন্থকেন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও বইয়ের প্রতীকী উপস্থাপনায় সাজানো শোভাযাত্রাটি পল্টন, সচিবালয় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রন্থকেন্দ্রে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ। এতে সংস্থার কর্মকর্তা-কর্মচারী, প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত গ্রন্থাগার প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে বই ও পাঠ-সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

আয়োজকেরা বলেন, ডিজিটাল যুগে পাঠাভ্যাস কিছুটা কমে যাওয়ার প্রবণতা দেখা দিলেও জ্ঞানচর্চা ও মনন গঠনে বইয়ের বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইমুখী করতে এবং গ্রন্থস্বত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় গ্রন্থকেন্দ্র সূত্র জানায়, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বইপ্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচিও নেওয়া হয়েছে।

প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বব্যাপী ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস’ পালিত হয়। ইউনেসকোর উদ্যোগে দিবসটি চালু হয়, যার লক্ষ্য বইপড়া উৎসাহিত করা, প্রকাশনা শিল্পকে সমৃদ্ধ করা এবং লেখক-স্রষ্টাদের স্বত্ব সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা।