
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর (রামগতি) : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের দশদাগ এলাকায় লাশটি নদীর জোয়ারে ভেসে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নদীতে জোয়ারের সময় পানির উচ্চতা বৃদ্ধি পায়। প্রায় এক ঘণ্টা পর ভাটা শুরু হলে বয়ারচর দশদাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মেঘনা তীরে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তারা বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে জানান।
খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পুলিশ জানায়, লাশের পরিচয় নিশ্চিত করতে পার্শ্ববর্তী নোয়াখালীর হাতিয়া নৌ-পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।
রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, “স্থানীয়দের মাধ্যমে আমরা অজ্ঞাত লাশটির খবর পেয়েছি। পরিচয় শনাক্তে কাজ চলছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
