
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণের দাবিতে আগামী রবিবার (২১ সেপ্টেম্বর-২০২৫), বেলা ১০:৩০ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে) শান্তিপূর্ণভাবে নাগরিক সমাবেশ কর্মসূচি আয়োজন করেছে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরাম ও সাতক্ষীরা জেলা সমিতি।
সাতক্ষীরা জেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা সংগঠনটির নেতৃবৃন্দ জানান ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। দেশের অষ্টম বৃহত্তম এই জেলার সাতটি উপজলার জনসংখ্যা প্রায় ২২ লাখ। সাতক্ষীরা জেলা চিংড়ি চাষে বিখ্যাত।
বিশে^র সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’ রয়েছে এই জেলায়। অন্যতম বৃহত্তম স্থলবন্দর ভোমরার অবস্থানও সাতক্ষীরায়। মৎস্যচাষ, কাঁকড়া, মধু, আম, ডেইরি শিল্প, মৃৎশিল্প, শাকসবজির জন্য সাতক্ষীরা সুপরিচিত। এই সম্ভাবনাময় জেলার উন্নয়নে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য উক্ত নাগরিক সমাবেশ কর্মসূচি আয়োজন করেছে।
সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদ স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে উক্ত কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।
