
নিজস্ব প্রতিবেদক : জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমানো লক্ষ্মীপুরের মিল্লাত হোসেন (৪২) নামের এক প্রবাসী বাংলাদেশি কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০তলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। প্রায় ১০ বছর ধরে তিনি মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন জানান, পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসে কঠোর পরিশ্রম করছিলেন তাঁর ভাই। কিন্তু কাজের সময় ভবন থেকে পড়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবর তাঁদের পরিবার কোনোভাবেই মেনে নিতে পারছে না।
মৃত্যুকালে মিল্লাত হোসেন স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
