
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল তাহাজ্জুদের নাম ব্যবহার করে ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনা করছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের ভেতরে নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনার মাধ্যমে। বলা হচ্ছে তাহাজ্জুদের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সিল মারার পরিকল্পনা করছে, ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা করছে।”
তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে।”
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করবো। আমরা ভোটকেন্দ্র পাহারা দেবো, যাতে আমাদের বোনেরা-মায়েরা ও সাধারণ মানুষ নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন। যারা বাধা সৃষ্টি করবে, যারা ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি। এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের কাতারে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক শক্তি এক কাতারে দাঁড়িয়েছে।”
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
