কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে ধর্মপাশায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে কৃষকদের সহায়তা তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (ভাটগাঁও) সাধারণ কৃষকেরা বিক্ষোভ মিছিল করেছেন।

গতকাল শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে ভাটগাঁও গ্রামের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের অভিযোগ, ৩ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নিজের প্রভাব খাটিয়ে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে নিজের আত্মীয়স্বজন এবং টাকার বিনিময়ে অন্য লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

বিক্ষোভ সমাবেশ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ভাটগাঁও গ্রামের কৃষক মাসুক, আলেক মিয়া, মাসুক তালুকদার, মো. দুলাল মিয়া তালুকদার, মো. মৌলা মিয়া, আব্দুল হাসিম, বকুল মিয়া তালুকদার, মো. কাউছার প্রমুখ।

বক্তারা বলেন, “ভাটগাঁও গ্রামে বন্যায় প্রায় আড়াই শ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু এই গ্রাম থেকে মাত্র ৯ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনের কোনো কৃষিজমিই নেই, তারা মূলত পোশাক কারখানার (গার্মেন্টস) কর্মী। প্রকৃত কৃষকদের বঞ্চিত করে এই জালিয়াতি করা হয়েছে।”

উপস্থিত কৃষকেরা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে বিষয়টি খতিয়ে দেখার জন্য সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলেন, “আমি এই কৃষি কার্ডের তালিকার ব্যাপারে বিস্তারিত কিছু জানি না। স্থানীয় বিএনপি নেতা, মেম্বার এবং কৃষি অফিস মিলে এই তালিকা তৈরি করেছে।”