
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুরের মেঘনা ও পদ্মা নদীতে নৌ পুলিশ, জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়েছে। এ সময় মাছ ধরার অভিযোগে ৩৫ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে “মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫” এর অংশ হিসেবে চাঁদপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা ও কারেন্ট জালও জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স), নৌ পুলিশ সদর দপ্তর, ঢাকার প্রবীর কুমার রায়, পিপিএম-বার। সঙ্গে ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, কোস্টগার্ড, নৌ থানা ও মৎস্য কর্মকর্তারা।
নৌ পুলিশের দেওয়া তথ্যমতে, চাঁদপুর নৌ থানা এলাকায় ৫টি মামলায় ২১ জন, হরিনাঘাট নৌ ফাঁড়িতে ২টি মামলায় ৩ জন এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর নৌ এলাকায় ৪টি মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযান শেষে অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় সাংবাদিকদের বলেন, “সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সদা তৎপর। মা ইলিশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন সংস্থার সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”
উল্লেখ্য, ইলিশের প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর আশ্বিন মাসে ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত নিষিদ্ধ করে সরকার। এবার ৩০ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
