
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার নায়েরগাঁও বড় ব্রিজ এলাকা থেকে এ কাজের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনস্বার্থে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খালটি পুনঃখনন হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়ার মাধ্যমে কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, দেশে খাদ্যনিরাপত্তা জোরদার, সেচব্যবস্থা সম্প্রসারণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী নদী, খাল ও জলাশয় খনন করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান জানান, নায়েরগাঁও বড় ব্রিজ থেকে পাতন ব্রিজ হয়ে মুসলিম মেম্বারের বাড়ি থেকে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ২৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটির চুক্তিমূল্য ৮৮ লাখ ৮১ হাজার ১৩২ টাকা।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে এবং গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে নিয়মিত তদারকি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
