বিয়ের তিন দিন পর মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ ঘন্টা আগে

গিয়াস রনি : নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ ফিকে হয়ে সড়ক দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র তিন দিনের মাথায় ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কোঠের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ ব্যাপারী বাড়ির আব্বাস ক্বারির সেজ ছেলে এবং স্থানীয় চিকিৎসক ডা. মমিনের ছোট ভাই। তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের দোকান পরিচালনা করতেন। গত সোমবার (২০ জুলাই) পারিবারিকভাবে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতারপাইয়া বাজার থেকে মোটরসাইযোগে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন আল আমিন। পথে মুষলধারে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়লে কোঠের বাড়ি এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আকস্মিক এই মৃত্যুতে নববিবাহিত স্ত্রী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম।