
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : বাগেরহাটে সদ্য যোগদান করা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
এ সময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধ, দখলবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
সভায় বাগেরহাট প্রেসক্লাবের নেতারা জেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। বক্তারা অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহসাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, অর্থ সম্পাদক এস এম আমিরুল হক বাবু, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম আকিঞ্জি, নির্বাহী সদস্য মোল্লা মাসুদুল হক, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন ও জ্যেষ্ঠ সদস্য শওকত আলী বাবু।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সাবেক সভাপতি বাবুল সরদার, নির্বাহী সদস্য সোহেল রানা বাবু, এস এস সোহান, জ্যেষ্ঠ সদস্য নকীব সিরাজুল ইসলাম, খন্দকার আকমল উদ্দীন সাখী, অলীপ ঘটক, আল আমিন খান সুমন ও নেয়ামুল হাদী রানাসহ বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বাগেরহাটকে সন্ত্রাস, মাদক, সাইবার সন্ত্রাস, দখলবাজি ও ইভটিজিংমুক্ত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। অপরাধ দমনে সাংবাদিকদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার বাগেরহাট প্রেসক্লাব পরিদর্শন করেন।
