বাগেরহাটে ব্যবসায়ীদের মিলনমেলা, অর্থনৈতিক উন্নয়নে ঐক্যের ডাক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট : বাগেরহাটে ঈদ-উল-আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা-২০২৬। শুক্রবার সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

বাগেরহাট সম্মিলিত ব্যবসায়িক সমিতির সভাপতি শেখ মইনুল ইসলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় নবীন ও প্রবীণ ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বলেন, ‘বাগেরহাটের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। ব্যবসায়ীদের জীবনমান উন্নয়ন এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত আলোচনা করা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাগেরহাটের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে আমি সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’

সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রুনুসহ অন্যান্য বক্তারা ব্যবসায়িক খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু। আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বেগ শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন, কোষাধ্যক্ষ মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ মুগনিউজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক হোসেন, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম রসুল তালুকদার এবং ক্রীড়া সম্পাদক হাওলাদার মনিরুজ্জামানসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠান শেষে ব্যবসায়ীদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করা হয়।