
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি।
এ ছাড়া আজ শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এসব কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আজ বাদ আসর গুলশানের আজাদ মসজিদে কেন্দ্রীয়ভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া দেশব্যাপী বিএনপির বিভিন্ন ইউনিট নিজ নিজ সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করবে। এ কর্মসূচিতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
