বরিশালে জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

বরিশাল প্রতিনিধি : ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বরিশালে মানতা সম্প্রদায়ের জেলে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে নগরের কাশিপুরে মৎস্য বীজ উৎপাদন খামারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

অনুষ্ঠানে ১২০টি জেলে পরিবারের মধ্যে দুই মাসের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ লিটার সয়াবিন তেল, ৮ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১২ কেজি আটা ও ১৬ কেজি আলু দেওয়া হয়।

আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে মোট ৬০০টি জেলে পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান এবং জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান। সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা।

এ সময় বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।