কমলনগরে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, ‘লোক দেখানো’ কাজ নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট–তোরাবগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। মেঘনা নদীর জোয়ারে ক্ষতিগ্রস্ত এ সড়কটি সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবে কাজকে ‘লোক দেখানো’ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, নদীর জোয়ারের চাপ মোকাবিলায় যেখানে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, সেখানে চিকন খুঁটি ও ড্রামনির্ভর অস্থায়ী কাঠামো বসানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, কোনো প্রকৌশল মানদণ্ড অনুসরণ না করে দায়সারাভাবে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ভারী বোল্ডার বা জিওব্যাগ দিয়ে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলার পরিবর্তে ভাঙন ঠেকাতে দুর্বল ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবু কালাম বলেন, “কয়েক দিন আগে কাজ শুরু হলেও এখন পর্যন্ত শুধু কিছু চিকন খুঁটি আর ড্রাম বসানো হয়েছে। জোয়ারের পানি এলেই এসব ভেসে যাবে। সাইটে কোনো ইঞ্জিনিয়ার নেই, কাজের মান দেখার কেউ নেই।”

এলাকাবাসীর অভিযোগ, সংস্কারকাজ চলাকালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কোনো দায়িত্বশীল কর্মকর্তাকে মাঠে দেখা যায়নি। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করার সুযোগ পাচ্ছে বলে মনে করছেন তারা।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের কমলনগর উপ-সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “মতিরহাট এলাকায় বরাদ্দের চেয়েও বেশি কাজ করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য বড় বাজেট প্রয়োজন।”

স্থানীয় সচেতন মহল বলছে, মাঠপর্যায়ে কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও ‘বরাদ্দের চেয়ে বেশি কাজ’ হওয়ার দাবি দায়িত্বজ্ঞানহীন। দ্রুত টেকসই ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় সড়কটি আবারও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে, এতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে।