ঋণের চাপ সইতে না পেরে ফরিদগঞ্জে অটোরিকশাচালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

চাঁদপুর প্রতিনিধি | ফরিদগঞ্জ : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে মো. মিজানুর রহমান (২৮) নামের দুই সন্তানের জনক আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি বিষপান করেন বলে জানা যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মাহবুবুর রহমান বলেন, “আমার ভাই দীর্ঘদিন ধরে ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিল। সকালে কাউকে কিছু না জানিয়ে সে এই কাজটি করে।”

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।