বঙ্গোপসাগরে নিম্নচাপ: লক্ষ্মীপুরে রেকর্ড বৃষ্টি, পৌর এলাকায় জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ সপ্তাহ আগে

নাজমুল হোসেন : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে টানা দুই দিন ধরে লক্ষ্মীপুরে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ।

সোমবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত কখনো ভারী, আবার কখনো মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীরা। টানা বৃষ্টির ফলে তাপমাত্রাও কিছুটা কমে এসেছে।

অব্যাহত বৃষ্টিপাতের কারণে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর, সমসেরাবাদ, সরকারি কলেজ রোড়, পিটিআই’র মোড় ও উত্তর মজুপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশনব্যবস্থা ধীর হওয়ায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ছোট ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বড় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

মজুচৌধুরীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আতিকুজ্জামান বলেন, “আবহাওয়া আরও খারাপ হলে ফেরি চলাচল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বড় ফেরি চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”

রামগতি আবহাওয়া সতর্কীকরণ অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য অনুযায়ী, এ পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।”