সুনামগঞ্জ-১: জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি প্রার্থী আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

সুনামগঞ্জ: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচার ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। আমাদের নেত্রী কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। দেশের মানুষের জন্য তিনি এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।” এ কথা বলতেই তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়েন।

বক্তব্যে আনিসুল হক আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, বেকার যুবক-যুবতীদের জন্য বেকার ভাতা চালু করা হবে, এবং দেশের মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরও ভাতার আওতায় আনা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এবং দেশে ১০ কোটি মানুষ তাকে বিমানবন্দরে বরণ করবেন।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অবহেলিত হাওরবাসীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে, কৃষক ও জেলেদের জন্য কার্ডভিত্তিক ভাতার ব্যবস্থা করা হবে, এবং জেলা শহরের সঙ্গে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন।